রাজধানীর কোতয়ালী থানার বাদামতলী নৌপুলিশ জেটির সামনে থেকে সংঘবদ্ধ ডাকাত চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ অক্টোবর থেকে টানা ২৪ ঘণ্টার অভিযানে পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার ইব্রাহিম খান চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- মশিউর রহমান লিটন, মোঃ মিজান, মোঃ আলী শেখ, মনির হোসেন, মোঃ বাবুল, মোঃ জাহাঙ্গীর, মোঃ আতাউর রহমান ওরফে আতি এবং মোঃ জয়নাল।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলার, চারটি চাকু, আটটি মোবাইল সেট ও নগদ এক লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
ইব্রাহিম খান বলেন: ডাকাত চক্রের মূলহোতা হচ্ছে লিটন। তার নেতৃত্ব এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে ঢাকাসহ আশপাশ এলাকাগুলোতে ডাকাতি করে আসছিল। লিটনের নেতৃত্বে গত ৮ অক্টোবর কদমতলী থানার শাকিল ফুড এজেন্সির ২০ লাখ টাকা ছিনতাই হয়। এই ঘটনার সঙ্গে দোকানের সাবেক কর্মচারী সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য জয়নালও জড়িত। তার পরিকল্পনা ও দেয়া তথ্যের উপর ভিত্তি করে ডাকাতি সংঘঠিত হয়।
তিনি জানান: টাকা ছিনতাইয়ের সময় ঘটনাস্থলের আশপাশে মোট ১০ জন অবস্থান নেয়। তাদের মধ্যে দু’জন নৌকায়। দলনেতা লিটনের পরিকল্পনায় কবির, জাহাঙ্গীর, আতাউর, বাবুল, আলী দোকানের কর্মচারী (টাকা বহনকারী) শফিকের উপর চাকু ও ছোড়া দিয়ে হামলা চালায়। এসময় কবির টাকার ব্যাগটি ছিনিয়ে ট্রলারে পালিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যদের বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।







