শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা: নিহতের সংখ্যা ১০০ ছাড়ালো

শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ৩টি গির্জা ও ৩টি হোটেলে সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ১৩৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪শ’রও বেশি।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কলম্বো ন্যাশনাল হসপিটালের পরিচালক ডা. অনীল জয়সিংহের বরাতে শ্রীলঙ্কার অন্যতম জাতীয় গণমাধ্যম কলম্বো টেলিগ্রাফ মৃতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে, এ পর্যন্ত ৪০২ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতদের মধ্যে বিপুল সংখ্যক বিদেশি পর্যটক রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে এখনো হামলার দায় কেউ স্বীকার করেনি। বিস্ফোরণের ধরন সম্পর্কেও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীলঙ্কার বিভিন্ন গণমাধ্যমের বরাতে এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টার দিকে প্রথম বিস্ফোরণটি ঘটে এই গির্জাতেই। এরপরই একে একে অন্য লক্ষ্যবস্তুগুলোতে বিস্ফোরণ হয়।
কলম্বো টেলিগ্রাফ জানায়, সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র বিস্ফোরণে আশপাশের ভবনসহ পুরো এলাকা কেঁপে উঠেছিল।
হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ বোম্ব স্কোয়াড সূত্র।
এছাড়া কলম্বোর তিনটি প্রধান পর্যটন হোটেল দ্য শ্যাংরি লা, সিনামন গ্র্যান্ড এবং কিংসবারি হোটেলে বোমা বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তিনটিই পাঁচ তারকা মানের হোটেল। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য এখনও জানা যায়নি।
চার্চের ফেসবুক পেজে সাহায্যের আবেদন
বিস্ফোরণের কিছু সময় পর সেইন্ট সেবাস্টিয়ানের ফেসবুক পেজে ইংরেজিতে একটি পোস্ট দেয়া হয়: ‘আমাদের গির্জায় একটি বোমা হামলা হয়েছে। আপনাদের পরিবারের সদস্যরা যদি এখানে থাকে তবে দয়া করে আসুন এবং সাহায্য করুন।’
বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলগুলোতে গেছেন প্রশাসন মন্ত্রী মানো গণেশান। সাংবাদিকদের বলেছেন, ভয়াবহ হামলাগুলোতে তিনি বিস্মিত ও মর্মাহত।
জরুরি বৈঠক
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমেসিংহে বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলা পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে ক্যাবিনেট সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন তিনি।
কলম্বো টেলিগ্রাফের সৌজন্যে দেখুন সেইন্ট সেবাস্টিয়ান চার্চের ভেতরকার একটি ছোট ভিডিওচিত্র:









