শ্রীলঙ্কার হারে উজ্জ্বল টাইগারদের ফাইনাল স্বপ্ন

ভারতের কাছেও ৫ উইকেটের বড় পরাজয়ে এশিয়া কাপ থেকে বিদায় অনেকটাই নিশ্চিত শ্রীলঙ্কার।
সেই সঙ্গে মাশরাফি-মুশফিকদের দ্বিতীয় বারের মতো ফাইনাল খেলার সম্ভবনা অারও উজ্জ্বল হয়েছে।
লিগ পর্বের শেষ ম্যাচে টাইগাররা যদি পাকিস্তানের বিপক্ষে স্বল্প ব্যবধানে হারেও তাহলে রান রেটে এগিয়ে থাকা বাংলাদেশের ফাইনালে যেতে বাধা থাকবে না।
শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ১৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৬ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারতে। তবে কোহলি-রায়নার ৫৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ধোনির দল।
শেষ দিকে যুবরাজ সিংয়ের ১৮ বলে ঝড়ো ৩৫ রানে ইনিংস এবং বিরাট কোহলির অপরাজিত ৫৬ রানে ৫ উইকেটের বড় জয় পায় ভারত।
ধাওয়ানকে ফিরিয়ে লঙ্কানদের প্রথম সাফল্য এনে দেন কুলাসেকারা। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে মাত্র ১ রান।
৪ রান বাদে ফেরেন আরেক ওপেনার রোহিত শর্মা। ফেরার আগে ১৪ বল খেলে তিনি সংগ্রহ করেন ১৫ রান। তিনিও কুলাসেকারার শিকার।
কোহলির সঙ্গে ৫৪ রানে পার্টনারশিপ গড়ে ফেরেন রায়না। সানাকার বলে কুলাসেকারার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৫ রান।
এরপরই কোহলির সঙ্গে ২৮ বলে ৫১ রানের টর্নেড পার্টনারশিপ গড়েন যুবরাজ সিং। যুবরাজ ১৮ বলে ৩ চার ৩ ছক্কায় ৩৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। তাকে ফেরার থিসারা পেরেরা।
শেষ পর্যন্ত ভারত ৫ উইকেটে জয় পায়। বিরাট কোহলি ৫৬ রানে অপরাজিত থাকেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে চাপে পড়ে শ্রীলঙ্কা। নেহরা-বুমরাহর বোলিং তোপে লঙ্কান ওপেনিং জুটির প্রথম ১৪ বল থেকে আসে মাত্র ৬ রান।
তৃতীয় ওভারে চান্ডিমালকে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন নেহরা। উইকেটের পেছনে থাকা ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
চান্ডিমালের ফেরার ৯ রান বাদেই ফেরেন সেহান জয়সুরিয়া। বুমারাহর বলে তিনিও ধোনির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। স্কোর বোর্ডে রান তখন ১৫।
৭ম ওভারে দিলশানকে ফিরিয়ে লঙ্কান ব্যাটিং লাইন আপকে চেপে ধরেন হার্দিক পান্ডে। রবিচন্দ্রন অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৮ রান।
দলীয় ৫৭ রানের চতুর্থ উইকেট হারায় শ্রীলঙ্কা। ১১তম ওভারে চতুর্থ বলে ম্যাথুসকে সরাসরি বোল্ড করেন পান্ডে।
কাপুগেদারা-মেলিন্ডা জুটিতে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তাদের জুটিতে আসে ৪৩ রান। এরপরই ফেরেন মেলিন্ডা। আশ্বিনের বলে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২২ রান।
স্কোর বোর্ডে ৪ চার রান যুক্ত হতেই প্যাভিলিয়নের পথ ধরেন সানাকা। স্কোর বোর্ডে রান তখন ১০৪।
১ রান বাদে কাপুগেদারাও ফিরে গেলে লঙ্কানদের রানের চাকা থমকে যায়। বুমারাহর বলে পন্ডের হাতে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে আসে মূল্যবান ৩০ রান।
শেষ দিকে পেরেরার ৬ বলে ঝড়ো ১৭ রানে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।






