কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩শ ৮৬ রানের টার্গেট দিয়েছে ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারত ২শ ৭৪ রানে অলআউট হলেও প্রথম ইনিংসে বড় লিডে লঙ্কানদের সামনে বিশাল টার্গেট দাঁড় করায়।
আগের দিনের ৩ উইকেটে ২১ রান নিয়ে চতুর্থ দিনের সকালের খেলা শুরু করে ভারত। দলীয় ৬৪ রানের মাথায় ক্যাপ্টেন বিরাট কোহলিকে সাজঘরে ফিরিয়ে ম্যাচে ভালোভাবেই ফিরে আসে শ্রীলঙ্কা।
কিন্তু এরপর রোহিত শর্মা-স্টুয়ার্ট বিনির ৫৪ এবং বিনি-নামান ওঝার ৪২ রানের জুটি ভারতকে বড় স্কোর এনে দেয়। আর শেষ দিকে রবিচন্দন অশ্বিনের ৫৮ রানের লড়াকু ইনিংস টার্গেটটা আপাতঃ দৃষ্টিতে শ্রীলঙ্কার জন্য প্রায় অসম্ভব করে তোলে।
রোহিত শর্মা হাফ সেঞ্চুরির (৫০) দেখা পেলেও ১ রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন বিনি। ৪৯ রান করে তিনিও প্রসাদের বলে আউট হন। এছাড়া ৩৫ ও ৩৯ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ওঝা এবং মিশ্র।
স্বাগতিকদের হয়ে প্রসাদ ও প্রদীপ দু’জনই চারটি করে উইকেট নেন।
ইশান্ত শর্মার দুরন্ত বোলিংয়ে লঙ্কানদের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২০১ রানে। সর্বোচ্চ ৫৫ রান করেন কুশাল পেরেরা। ৫৪ রান খরচায় ইশান্ত শর্মা নেন ৫ উইকেট। এছাড়া স্টুয়ার্ট বিনি ও অমিত মিশ্র দুটি করে উইকেট নেন।
চেতাশ্বার পূজারার ১৪৫ রানে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৩১২ রানে অল আউট হয় ভারত।
দু’দলই একটি করে ম্যাচ জেতায় তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।







