ভক্ত-অনুরাগীদের শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নিলেন স্বাধীন বাংলা ফুটবল দল, জাতীয় দল, আবাহনী ক্রীড়া চক্রের সাবেক তারকা ফুটবলার ও কোচ অমলেশ সেন। শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত এই ফুটবল ব্যক্তিত্বের মরদেহ রোববার সকালে আনা হয় তার প্রিয় ঢাকা আবাহনী ক্লাব প্রাঙ্গণে।
১৯৭২ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে আবাহনীর সাথে জড়িয়ে আছে অমলেশ সেনের নাম। প্রিয় ক্লাব প্রাঙ্গণে শেষবারের মতো কফিনে করে আসা অমলেশ সেনের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিল দেশের ফুটবল পরিবার।
ফুলেল শ্রদ্ধা ছাড়াও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য এই মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয়ভাবে শেষ সম্মান জানানো হয়। এরপর তার শেষকৃত্য অনুষ্ঠিত হয় সবুজবাগ শশ্মানঘাটে।
অমলেশ সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অলিম্পিক এসোসিয়েশন, বাফুফে, বিএসজেএ ও ক্রীড়া লেখক সমিতিও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।







