শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় পুলিশের হাতে আটক জাহিদুল হক তামিমকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ওই ঘটনায় জড়িত অন্য সন্ত্রাসীদের নাম পরিচয় খুঁজে বের করতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় ২ পুলিশ সদস্য নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলায় অন্যতম সন্দেহভাজন জাহিদুল হক তামিম। ঘটনার সময়ই ওই স্থান থেকে তামিম এবং শফিকুল ইসলাম নামের দুজনকে আটক করে পুলিশ।
তামিমকে পুলিশ হেফাজতে এবং শফিকুলকে র্যাবে জিজ্ঞাসাবাদ করা হয়। রোববার বিকেলে এই দুজনকে আসামী করে ওই ঘটনায় মামলা করে পুলিশ। পরদিন সোমবার সকালে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তামিমকে হাজির করা হয় কিশোরগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে।
সে সময় আদালতকে জানানো হয় হামলায় জড়িত অন্য জঙ্গিদের নাম পরিচয় জানতে তাকে জিজ্ঞাসাবাদ জরুরী। জঙ্গি হামলার নেপথ্যের হোতাদের খুঁজে বের করা হবে বলেও জানায় পুলিশ।
আরেক সন্দেহভাজন শফিকুল ইসলাম, তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদস্যরা নিজেদের হেফাজতে নিলেও এখনো আদালতে হাজির করা হয়নি। জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বিকেলে আইন শৃংখলা কমিটির জরুরী বৈঠক ডেকেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক।
ঈদের দিন দেশের বৃহত্তম ঈদ জামাত শোলাকিয়ার ময়দানে গ্রেনেড হামলার লক্ষ্য নিয়েই জঙ্গিরা ঈদগাহে ঢোকার চেষ্টা করছিল। বৃহত্তম এই জামাতের দীর্ঘদিনের ঈমাম মওলানা ফরিদউদ্দিন মাসুদও জানিয়েছেন, দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে এই হামলা চালিয়েছে জঙ্গিরা।










