শীর্ষ বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে একান্ত এবং আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকের পর সই হবে বেশ কিছু চুক্তি, সমঝোতা স্মারক এবং প্রটোকল।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছার পর ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীসহ দুটি বাস সার্ভিস উদ্বোধন করেন দু’ দেশের প্রধানমন্ত্রী। এর একটি কলকাতা-ঢাকা-গোয়াহাটি এবং অন্যটি ঢাকা-গোয়াহাটি-শিলং রুটের।
দু’ দেশের পররাষ্ট্রসচিব স্থল সীমান্ত চুক্তি প্রটোকলে সই করার সময়ও তারা উপস্থিত ছিলেন।
পরে শুরু হয় দ্বিপাক্ষিক আলোচনা।
আলোচনার পর সম্ভাব্য ২০টি চুক্তি এবং সমঝোতার তালিকায় আছে: দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, অভ্যন্তরীন নৌ ট্রানজিট ও বাণিজ্য প্রটোকল, পণ্যের মান নিয়ন্ত্রণ বিষয়ে বিএসটিআই ও বিআইএসের মধ্যে সহযোগিতা চুক্তি, ঢাকা-শিলং-গুয়াহাটি বাস সার্ভিস চুক্তি ও প্রটোকল, কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিস চুক্তি ও প্রটোকল, মানবপাচার রোধে সমঝোতা স্মারক, সমুদ্র অর্থনীতি বিষয়ক সমঝোতা এবং ২০০ কোটি ডলারের ঋণ বিষয়ক সমঝোতা।






