এমন একটা সিনেমার কথা কল্পনা করুন তো! পুরো ছবি জুড়ে যেখানে কোন গান নেই। গান ছাড়া আবার ছবি হয় নাকি! শাহরুখ খানের ছবি হলে তো কথাই নেই। এই বলিউড বাদশার ছবির গানগুলোই যেন সবচেয়ে বেশি আকর্ষণীয়। গান দিয়েই যেন পরিচিতি এক একটা ছবির।
অথচ কিং খান এক সময় নাকি মনে করতেন ছবিতে গানের দরকারই নেই! সম্প্রতি অবশ্য ভুল ভেঙ্গেছে তার। আর তাই শাহরুখ মনে করেন, তার পুরো ক্যারিয়ার জুড়েই সংগীতের ভূমিকা অনেক। গানের দৃশ্যগুলোই তার অভিনয়জীবনের স্মৃতি।
শাহরুখ বলেন, ‘আমার বেড়ে ওঠা দিল্লিতে। মঞ্চ দিয়ে আমার ক্যারিয়ারের শুরু। প্রথম দিকে গানের গুরুত্ব একদমই বুঝতাম না। মনে হতো আমার ছবিতে গানের কী দরকার?’
কিন্তু ধীরে ধীরে তার ধারণা পালটে যায়। সম্প্রতি ‘যব হ্যারি মেট সেজাল’ ছবি নিয়ে এক সংবাদ সম্মেলনে পুরোনো সেই দিনের কথা মনে করেন শাহরুখ।
নিজের সাফল্য ও পরিচিতির নেপথ্যে তার রোমান্টিক গানগুলোর ভূমিকা রয়েছে। গোটা ভারত জুড়েই সবাই গান ভালোবাসে। তাই দেশে গানের প্রভাব ব্যাপক বলে মনে করেন তিনি । তাই শাহরুখের ধারণা গান ছাড়া বলিউডে কোন ছবি নির্মানই সম্ভব নয়।
আর ‘যব হ্যারি মেট সেজাল’ ছবিতে রয়েছে কিছু চমৎকার গান। মিষ্টি এক প্রেমের গল্প নিয়ে করা এ ছবির গানগুলো সবার ভালো লাগবে বলে মনে করেন তিনি। ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন আনুশকা শর্মা । আর পরিচালনা করেছেন ইমতিয়াজ আলী। টাইমস অব ইন্ডিয়া।










