গতকাল বিকাল থেকে শুরু হয়ে রাতভর চলা নানা ঘটনার পরে শাহবাগ এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল থেকে ওই এলাকাগুলোতে বিক্ষোভ করছে না। শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ভোরে আন্দোলনরত শিক্ষার্থীদের কিছু অংশকে ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছুঁড়ে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার সকালে শাহবাগ, টিএসসি ও দোয়েল চত্বর এলাকা ঘুরে ঘুরে দেখা যায়, নির্বিঘ্নে যান চলাচল করছে। তবে যেকোনো পরিস্থিতি এড়াতে ও আন্দোলনকারীদের দমাতে সাঁজোয়া যানসহ সব প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ ও র্যাব।
ভোরে আন্দোলনকারীরা শাহবাগের পর টিএসসি এবং সর্বশেষ দোয়েল চত্বর এলাকায় অবস্থান নেয়। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে থেমে থেমে টিয়ারশেল ছুঁড়ে পুলিশ।
টিএসসিতে নিয়োজিত নিরাপত্তারক্ষী জানায়, রাতে টিএসসির ভেতর হাজারো শিক্ষার্থী অবস্থান করে। পরে ভোরে তারা বের হয়ে যায়। মধ্যরাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে টিএসসির ভেতরে ঢুকিয়ে দিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। পরে র্যাব এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।








