অপরাধ

শাহজালালে আগ্নেয়াস্ত্র আটকের ঘটনায় তদন্ত কমিটি

আগেয়াস্ত্র

শাহজালালে আটককৃত অস্ত্র

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ফ্রেইট ইউনিট থেকে ১৯টি আমদানি নিষিদ্ধ পিস্তল আটকের ঘটনায় তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক একেএম নুরুল হুদা আজাদকে প্রধান করে গঠিত ওই কমিটির অন্য সদস্যরা হলেন; উপ-পরিচালক সাইফুর রহমান ও সহকারি পরিচালক জোবায়দা খানম।

মঙ্গলবার দুপুরে শুল্ক গোয়েন্দারা এসব আগ্নেয়াস্ত্র অাটক করে। এর আগে গত ৯ জুলাই ২টি পিস্তল আটক করে শুল্ক গোয়েন্দারা। এই নিয়ে দুদিনে মোট ২১টি অস্ত্র উদ্ধার করলো।

এশিয়া প্যাসিফিক অঞ্চলে পরিচালিত ‘অপারেশন আইরিন’ অভিযানের অংশ হিসেবে এই অস্ত্র আটক হয়। বাংলাদেশের পক্ষে শুল্ক গোয়েন্দা এই অভিযানের সমন্বয় করছে।

আটক অস্ত্রের আমদানিকারক মেসার্স ইমরান আর্মস এন্ড কোম্পানি। দুইটি চালানে ইতালি থেকে মোট ৫৮টি অস্ত্র নিয়ে আসে এই আমদানিকারক। আনা চালানের বি/ই নং-৫৯২৪০২ তারিখঃ ০৩/০৬/২০১৭, সি এন্ড এফ এজেন্টঃ এমএম ট্রেডার্স, মোহাম্মদপুর, ঢাকা।

আমদানি নীতি আদেশ অনুযায়ী পুরনো ও ব্যবহৃত অস্ত্র আমদানি নিষিদ্ধ। র‍‍্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তাদের অস্ত্র বিশেষজ্ঞরা অস্ত্র পরীক্ষার সময় উপস্থিত ছিলেন।

অস্ত্র পরীক্ষায় দেখা যায়, ১৯টি অস্ত্র পুরনো ও রিফারবিশড (পুনঃসংস্কৃত)। একইসাথে এসব অস্ত্রের অধিকাংশের বডির বিভিন্ন অংশে খোদাই করা মুদ্রিত ইউনিক নম্বর ভিন্ন ভিন্ন।

শুল্ক আইনের সংশ্লিষ্ট ধারা এবং আমদানি নীতি আদেশ লঙ্ঘনের কারণে এগুলোসহ মোট ২১টি অস্ত্র আটক হলো। এগুলোর মধ্যে ওয়ালথার পিপি ১৬টি এবং বাকি ৫টি এইচকেফোর ব্র্যান্ডের।

আগ্নেয়াস্ত্র
শাহজালালে আটককৃত অংস্ত্র

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কাস্টমস নেটওয়ার্কসমূহের মধ্যে ৩ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৩৩ দিনব্যাপী ‘অপারেশন আইরিন-২’ এর এবারের থিম ‘Regular Operation Targeting and Countering Trafficking in Small Arms and Light Weapons’ এর অংশ হিসেবে এই অভিযান চলমান রয়েছে।

এর আগে শুল্ক গোয়েন্দার একটি তদন্তদল গত ১০ জুলাই বায়তুল মোকাররমে অবস্থিত ইমরান আর্মসের শোরুমে অনুসন্ধান চালায়। অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিদেশ থেকে আমদানি এবং স্থানীয় ক্রয় উভয় প্রকারেই আগ্নেয়াস্ত্র সংগ্রহ ও কেনা-বেচা করে থাকে।

শোরুমের ইনভেনটরিতে দেখা যায়, আমদানিকৃত শটগান ৫৮টি, পিস্তল ১৯টি এবং স্থানীয় ক্রয়ের মাধ্যমে সংগৃহীত শটগান ৪৩টি , রিভলবার ১০টি, রাইফেল ১৪টি এবং এয়ারগান ১১টি। সর্বমোট ১৬১টি আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে।

তবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তদন্তদলের কাছে ক্রয়-বিক্রয়ের রসিদ সরবরাহ করতে পারেনি। এছাড়াও প্রাথমিকভাবে তাদের ভ্যাট ব্যবস্থাপনায় গরমিল দেখা গেছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এই আমদানিকারকের আমদানি সংক্রান্ত দলিলাদি পরীক্ষা করে দেখা গেছে, এই প্রতিষ্ঠানটি গত কয়েক বছরে বিপুল পরিমাণ হালকা ও সহজে বহনযোগ্য আগ্নেয়াস্ত্র আমদানি করেছে। শুল্ক গোয়েন্দা থেকে এগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

এ ধরনের পুরনো ও ব্যবহৃত অস্ত্র কেন বাংলাদেশে আমদানি করা হয়েছে, সে বিষয়ে রহস্য উম্মোচন করতে তদন্ত চলছে।

তদন্তদল মূলত দুটো বিষয় খতিয়ে দেখবে। প্রথমত: পুরাতন ও নিম্নমানের অস্ত্র সুকৌশলে গ্রাহকদের কাছে নতুন বলে বিক্রয়ের মাধ্যমে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে কিনা। দ্বিতীয়ত: এই জাতীয় ব্যবহৃত এবং নম্বরহীন ও অসঙ্গতিপূর্ণ অস্ত্র প্রকৃত অর্থে কী উদ্দেশ্যে আনা হয়েছে। এছাড়াও এইসব অস্ত্র রাষ্ট্রীয় নিরাপত্তায় কোন ঝুঁকি সৃষ্টি করবে কিনা তাও দেখা হবে।

আগ্নেয়াস্ত্র
শাহজালালে আটককৃত অংস্ত্র

অপারেশন আইরিন নিরাপত্তা রক্ষায় ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশনের এনফোর্সমেন্ট এজেন্সি ‘রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াজো অফিস’ (রাইলো) কর্তৃক পরিচালিত অভিযান।

বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২৮টি দেশ এই অভিযানে অংশ নিচ্ছে। শুল্ক গোয়েন্দা অধিদপ্তর এই অভিযানের লিয়াজো অফিস হিসেবে কাজ করছে।

 

 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…