দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়ে সাকিব আল হাসান অবদান রাখেন পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে। রাওয়ালপিন্ডি টেস্ট শেষ হতেই তিনি পেলেন দুঃসংবাদ।
সোমবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অশোভন আচরণের জন্য ম্যাচ ফি’র ১০ শতাংশ কাটা হয়েছে সাকিবের।
পাশাপাশি নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। রোববার টেস্টের পঞ্চম দিনে বোলিংয়ের সময় মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুঁড়ে মারার কারণে শাস্তি পেলেন সাকিব।
বল হাতে সাকিব ডেলিভারির জন্য প্রস্তুত ছিলেন। স্ট্রাইক প্রান্তে থাকা রিজওয়ান অপ্রস্তুত থাকায় হুট করেই সরে যান। সাকিব তখন বলটি থ্রো করেন কিপারের দিকে। রিজওয়ানের মাথার উপর দিয়ে বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।
এদিকে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি তিন পয়েন্ট কাটা হয়েছে। অযথা সময় ক্ষেপণের জন্য স্বাগতিক পাকিস্তানকেও ৩০ শতাংশ অর্থদণ্ড ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট কাটা হয়েছে।
পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শাস্তি মেনে নিলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। সাকিবও শাস্তি মেনে নেয়ায় হয়নি শুনানি।








