আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে এলিট ফোর্স র্যাব পাঁচটি সেক্টরে ভাগ হয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। এছাড়াও সারাদেশে র্যাবের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষন শেষে সাংবাদিকদের এ কথা জানান র্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
শহীদ মিনার এলাকায় যেন কোন ধরনের জঙ্গিবাদী কার্যক্রম যেন না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হবে জানিয়ে বেনজীর বলেন: রাষ্ট্রীয় প্রয়োজনে র্যাব যে কোন দায়িত্ব পালন করে থাকে। কিন্তু জঙ্গি দমন র্যাবের প্রধান লক্ষ্য, যা থেকে আমরা কখনোই বিচ্যুত হব না।
কোন ধরনের হুমকি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, স্পেসিফিক কোন থ্রেট নেই। তবে সবসময় আমরা বিষয়টা মাথায় রাখি। রাষ্ট্রীয় অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয় করে সবসময় তথ্য সংগ্রহ করা হয়। এছাড়া র্যাবের নিজস্ব গোয়েন্দারা ২৪/৭ জঙ্গিদের গতিবিধির প্রতি নজর রাখছে।
নিরাপত্তার স্বার্থে সব প্রস্তুতি বলা সম্ভব নয় উল্লেখ করে র্যাব ডিজি বলেন, র্যাব সর্বশক্তি দিয়ে একুশের রাতের নিরাপত্তা নিশ্চিত করবে।
কেন্দ্রীয় শহীদ মিনারকে ৫টি সেক্টরে বিভক্ত করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে জানিয়ে বেনজীর বলেন: মোটরসাইকেল পেট্রোল, কার পেট্রোলসহ পোষাকধারী সদস্যের পাশাপাশি সাদা পোষাকে র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবে। সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হবে।
এছাড়াও শহীদ মিনারে বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, সুইপিং ফোর্স, স্পেশাল স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।









