ফুটবল

লিসবনের জালে ম্যানসিটির গোল উৎসব

ম্যানচেস্টার সিটির খেলোয়াড় গোল করে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটির খেলোয়াড় গোল করে উল্লাস করছে, গোলের পর মাঠে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকেট প্রায় হাতেই নিয়ে ফেলেছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে লিসবনে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে স্পোর্টিং লিসবনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

গোটা ম্যাচে আধিপত্য বিস্তার করা সিটির দখলে ৬৪ শতাংশ সময় বল ছিল। মোট শট নিয়েছে ১৫টি, যার ভেতর লক্ষ্য বরাবর নিয়েছে ৬টি। অথচ কেবল তিন শট নেয়া স্বাগতিকরা কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি।

প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে গোলের হালি পূরণ করে খেলাটি একপেশে বানিয়ে ফেলে ম্যানসিটি। ৭ মিনিটে কেভিন ডি ব্রুইনের পাসে বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রিয়াদ মাহরেজ। লাইন্সম্যান পতাকা তুলে অফ সাইডের সংকেত দিলেও ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পরে গোলের বাঁশি বাজান।

১০ মিনিট পর কর্নার কিক থেকে বল পেয়ে বের্নার্দো সিলভা ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৩২ মিনিটে মাহরেজের পাসে বল নিয়ে পোস্টের একদম কাছ থেকে বল জালে জড়ান ফিল ফোডেন।

৪৪ মিনিটের মাথায় রাহিম স্টার্লিংয়ের কাছ থেকে বল আদায় করে বাঁ পায়ের শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন বের্নার্দো সিলভা। তাতে বিরতির আগেই চার গোলের লিড পায় অতিথিরা।

প্রায় ১৫ বছর পর এই প্রথম কোনো ইংলিশ ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে বিরতির আগে ৪ গোলে এগিয়ে থাকার নজির গড়ল। ২০০৭ সালে ঘরের মাঠে রোমাকে ৭-১ গোলে গুড়িয়ে দিয়ে সেমিতে যাওয়া ম্যানইউ বিরতির আগে ৪ গোল পেয়েছিল।

খেলার ৫৮ মিনিটে বের্নার্দো সিলভার বাড়ানো বল নিয়ে ডান পায়ের দূরপাল্লার শটে স্কোরলাইন ৫-০ করেন রাহিম স্টার্লিং। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ১৪তম দল হিসেবে ২০০ গোল করার মাইলফলক গড়ে ম্যানসিটি।

আগামী ৯ মার্চ ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগের খেলায় দুই দল মুখোমুখি হবে।

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ ম্যানসিটি স্পোর্টিং লিসবন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…