একদিন আগে স্প্যানিশ লিগে দুইবার এগিয়ে থেকেও লেভান্তের বিপক্ষে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগে একই পথে হাঁটল লিভারপুল। ঘরের মাঠে দুইবার এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ড্র করেছে অলরেডসরা। প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পারের সঙ্গে হাইভোল্টেজ ম্যাচটি ২-২ গোলে ড্র করে ইয়ুর্গেন ক্লপের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকা লিভারপুল প্রতিপক্ষের ভুলে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায়। স্বাগতিকদের আক্রমণ ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের ডি-বক্সে বল ঠেলে দেন এরিক দিয়ের। ফাঁকায় বল পেয়ে দলকে এগিয়ে দেন মোহামেদ সালাহ।
ম্যাচের ২২ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় লিভারপুল। তবে কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন ব্রাজিলিয়ান তারকা ফিরমিনো।
বিরতি থেকে ফিরে সমতায় আসতে মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। একের পর এক আক্রমণে স্বাগতিক শিবিরকে ব্যতিব্যস্ত করে তোলে। অবশেষে ম্যাচের ৮০ মিনিটে ওয়ানিয়ামার চমৎকার গোলে সমতায় ফেরে অতিথিরা।
সাত মিনিট পর হ্যারি কেনকে জার্মান গোলরক্ষক লোরিস ফেলে দিলে পেনাল্টি পায় টটেনহ্যাম। নিজেই স্পট কিক নিয়ে ব্যর্থ হন লিগের সর্বোচ্চ গোলদাতা ইংলিশ ফরোয়ার্ড।
যোগ করা সময়ের প্রথম মিনিটে লিভারপুলকে আবারও লিড এনে দেন ‘মিশরীয় মেসি’ সালাহ। যোগ করা সময়ের শেষদিকে আরেকবার পেনাল্টি পায় অতিথিরা। এবার আর ব্যর্থ হননি কেন। এবারের লিগে ব্যক্তিগত ২২তম গোল করে দলকে মূল্যবান ১ পয়েন্ট এনে দেন তিনি।
২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। ১ পয়েন্ট কম নিয়ে তারপরেই আছে এক ম্যাচ কম খেলা চেলসি। পঞ্চম স্থানে থাকা টটেনহ্যামের পয়েন্ট ৪৯। শীর্ষে যথারীতি পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।









