লিবিয়ায় বিমান হামলায় হতাহতের বেশিরভাগই বাংলাদেশি

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় মোট ৭ জন শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৩৩ জন। নিহতদের ৫ জনই বাংলাদেশি। আর আহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি ও নাইজারের নাগরিক।
লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ও ২ জন লিবীয় নাগরিক রয়েছেন। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ত্রিপোলি দখলের অভিযানে চলতি বছরের এপ্রিল থেকে লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে। জাতীয় ঐকমত্যের সরকারকে উৎখাতের জন্য হাফতারের বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।
আহত ৩৩ জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
হাফতার বাহিনীর হামলা শুরুর পর থেকে ত্রিপোলি উপকণ্ঠে সংঘাতে এ পর্যন্ত এক হাজার লোক প্রাণ হারিয়েছে এবং এক লাখ ২০ হাজার মানুষ গৃহহীন হয়েছে।







