ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রধান পেহলাজ নিহালানির আপত্তির পরও ছাড়পত্র পেয়েছে ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’। চলচ্চিত্র সেন্সর বোর্ড নয়, ছবিটির ছাড়পত্র দিয়েছে ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইবুনাল (এফসিএটি)। তবে ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’র ছাড়পত্রের সঙ্গে ‘বড়দের ছবি’র তকমা যোগ করে দিয়েছে। তা যা–ই হোক, দীর্ঘ কয়েক মাস নির্মাতাদের ছুটাছুটি করার পর অবশেষে ছবিটি এবার মুক্তি পাচ্ছে। ২১ জুলাই ছবিটির মুক্তির দিন চূড়ান্ত করা হয়েছে।
শুরুতে ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ড ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ ছবিটিকে নিষিদ্ধ করে। এ সময় প্রবল আপত্তি জানান পেহলাজ নিহালানি। তার মতে, ছবিটি খুব বেশি নারীকেন্দ্রিক। আর ছবির বিষয়বস্তু দেশের নির্দিষ্ট একটি সম্প্রদায়ভুক্ত মানুষের অনুভূতিতে আঘাত করতে পারে। এরপর নির্মাতারা সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) কাছে যান। কিন্তু এই বো্র্ড ছবিটি দেখতে অপারগতা প্রকাশ করে।
দেশে-বিদেশে প্রশংসিত হওয়া নারীকেন্দ্রিক সিনেমা ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’র গল্প সাজানো হয়েছে চারজন ভিন্ন বয়সী নারীর দৃষ্টিভঙ্গি থেকে। যেখানে তারা নিজেদের মতো করে যৌনতা উদযাপন করছেন। অতিমাত্রায় যৌনতা থাকার অভিযোগ করে ভারতীয় সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তে তখন সমালোচনা হয় বলিউডে। এদিকে গত ২৭ জুন ছবিটির নতুন ট্রেলার এসেছে।
ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কঙ্কণা সেন শর্মা, রত্না পাঠক শাহ প্রমুখ। পরিচালক অলংকৃতা শ্রীবাস্তব। হিন্দুস্তান টাইমস।










