লাঞ্ছনার শিকার নারায়ণগঞ্জ বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ছাত্রদের উপর নির্যাতন, টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ, ইসলাম ধর্ম সম্পর্কে বিরূপ মন্তব্য এবং ছুটি না নিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগে প্রধান শিক্ষকের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয়টির পরিচালনা কমিটি।
গত ১৩ মে তারিখে লেখা বরখাস্তের আদেশের কপিতে সোমবার (১৬ মে) স্বাক্ষর করেছেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফারুকুল ইসলাম। আজ মঙ্গলবার ওিই চিঠি হাতে পান শ্যামল কান্তি ভক্ত।
নির্যাতিত এ শিক্ষককে বরখাস্তের চিঠির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

‘ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তির’ অভিযোগে গত শুক্রবার শ্যামল কান্তি ভক্তকে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কান ধরে ওঠবস করান। এর আগে ওই শিক্ষককে মারধোরও করা হয়।
প্রধান শিক্ষকের অভিযোগ, বিদ্যালয় পরিচালনা কমিটির দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।








