এক লাখ টাকা করে পুরষ্কার, সঙ্গে সাফ জয়ী অনূর্ধ্ব-১৫ কিশোরদের ভবিষ্যৎ মজবুত করতে তাদের মাসিক বেতন ও প্রশিক্ষণ দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার ফেডারেশন ভবনে সংবর্ধনা দেয়া হয়েছে নেপালে সাফ অনূর্ধ্ব-১৫ শিরোপাজয়ী কিশোর ফুটবলারদের। সেসময় সম্ভাবনাময় ফুটবলারদের ঝরে পড়া রোধ করতে তাদের নিয়ে করণীয় ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।
অনূর্ধ্ব-১৫ দল থেকে বাছাইকৃত কয়েকজন ফুটবলারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার কথা জানান সালাহউদ্দিন। তিন বছরের চুক্তিতে মাসিক বেতন পাবেন ওই ফুটবলাররা।
কিশোর খেলোয়াড়দের নিয়ে ৬ নভেম্বর থেকে সিলেট বিকেএসপিতে হবে এক মাসের অনুশীলন ক্যাম্প। তারপর উয়েফার আমন্ত্রণে থাইল্যান্ডে চার জাতির একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নেয়ার কথা আছে দলটির।
বোনাস-পুরস্কার ঘোষণার পর ভবিষ্যতের কথা চিন্তা করে পরিশ্রম করতে কিশোরদের প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন। তাতে ভবিষ্যতে আর্থিক দুশ্চিন্তা থাকবে না বলেও আশ্বাস দেন বাফুফে সভাপতি।
‘তোমাদের কাছে এসে অনেক ক্লাবই হয়তো ১-২ লাখ টাকা দেবে। কিন্তু এই টাকা নিয়ে অতীতে অনেক খেলোয়াড় নষ্ট হয়ে গেছে। তোমাদের আগামী ৩-৪ বছর কষ্ট করে ট্রেনিং করতে হবে। তাহলে তোমরা অনেক টাকা কামাতে পারবে। এটাই তোমাদের লক্ষ্য। তোমাদের ফুটবলার হতে হবে। ফুটবল নিয়ে সারাক্ষণ ভাবতে হবে।’
থাইল্যান্ডে আগামী ৬ থেকে ১৪ ডিসেম্বর হওয়ার কথা চার জাতি অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট। আয়োজন করবে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও বাংলাদেশের সঙ্গে অতিথি হবে মালদ্বীপ ও সাইপ্রাস।









