টঙ্গীর তুরাগ তীরে ৩ দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। প্রথম দিনই দেশ-বিদেশের লাখো মুসল্লি শরিক হয়েছেন। ইজতেমার জন্য টঙ্গী এলাকাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
ঢাকার একাংশ, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, শরীয়তপুর, গোপালগঞ্জ, সাতক্ষীরা, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর’এ ১৪ জেলার মুসল্লিদের নিয়ে টঙ্গীর তুরাগ পাড়ে ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে।
তাবলীগ জামাতের দেশ-বিদেশের আলেমরা বয়ান করছেন মুসল্লিদের উদ্দেশে। মূল বয়ান বাংলার পাশাপাশি বিভিন্ন ভাষায় অনুবাদের ব্যবস্থা রাখা হয়েছে।
মহান আল্লাহ রাব্বুল আল আমিনের সন্তুষ্টি লাভের আশায় বয়ান শোনার পাশাপাশি ইবাদত-বন্দেগি করছেন মুসল্লিরা। তুরাগ তীর ঘেঁষে ইজতেমা মাঠে ১শ’২০টি দেশ থেকে আসা প্রায় ২০ হাজার বিদেশি মুসল্লিও অবস্থান করছেন।
নিরাপত্তায় মোতায়েন আছে বিভিন্ন সংস্থার প্রায় ৭ হাজার নিরাপত্তাকর্মী। এ বছরই পুরো মাঠ সিসি টিভির আওতায় আনা হয়েছে।
দুপুরে এ মাঠে হবে বৃহত্তম জুমা’র জামাত। জুমা’র নামাজকে ঘিরে সকাল থেকেই আশপাশের এলাকা থেকে মুসল্লিরা তুরাগ তীরে আসতে শুরু করেছেন।







