গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে জুমার নামাজের সময় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ৫ দিনের জোড় ইজতেমায় এখন পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হলো।
শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর স্ট্রোক করে মারা যান বলে নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
মারা যাওয়া ওই মুসল্লির নাম চাঁন মিয়া (৬০)। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার বগারপাড় গ্রামে। তিনি চাকরির সুবাদে নারায়ণগঞ্জের রঘুনাথপুর এলাকায় ভাড়া থাকতেন। তার পিতার নাম মজিবুর রহমান।
জানা যায়, জুমার নামাজের সময় তিনি স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে সাথীরা তাকে ইজতেমা মাঠ সংলগ্ন টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও গতকাল ভোর রাতে মো. নুর আলম (৮০) নামের আরও এক মুসল্লি ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নোয়াখালী জেলার সদর উপজেলার আন্ডার চর কাজীর তালুক এলাকার সুলতান আহমাদের পুত্র। নুর আলম জোরে এসে মাঠে নোয়াখালী খিত্তায় অবস্থান করছিলেন এবং গতকাল ভোর রাতে ঘুমন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। পরে উপস্থিত সাথীরা তাকে প্রাথমিক সেবার পর চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








