রাশিয়া বিশ্বকাপে সরাসরি সম্প্রচারের সময় নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল। প্রতিবাদের ঝড় উঠেছে। জুলিয়েথ গঞ্জালেজ থেহরিয়ান নামক সেই সাংবাদিক হয়রানিকারীর বিচার চেয়েছেন।
জার্মান সম্প্রচার প্রতিষ্ঠান ডয়চেভেলে স্পেনের হয়ে কাজ করেন জুলিয়েথ গঞ্জালেজ। শুক্রবার রাশিয়ার সারানস্কে সরাসরি সম্প্রচারের সময় এক যুবক তাকে আলিঙ্গনের পর জোর করে চুম্বন করে পালিয়ে যান।
এরপরও ঠাণ্ডা মাথায় সম্প্রচার চালিয়ে যান কলম্বিয়ান এ নারী সাংবাদিক। সম্প্রচার শেষে প্রতিবাদে সরব হয়েছেন। অনেকক্ষণ ধরেই সেই যুবক তার পেছনে ঘুরঘুর করছিলেন বলে ইনস্টাগ্রাম পোস্টে অভিযোগ করেছেন।
‘আমি সেখানে দুই ঘণ্টা প্রস্তুতি নিয়েছি। তখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কিন্তু যেই আমরা লাইভে গেলাম, সেই যুবক এই সুযোগের অপব্যবহার করেছে। অনুষ্ঠান শেষে আমি তাকে অনেক খুঁজেছি। সে সেখান থেকে পালিয়েছে।’
নারী সাংবাদিকদের প্রতি আরও শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জুলিয়েথ, ‘আমরা এমন আচরণ আশা করি না। আমরা সমান পেশাদারিত্ব আচরণ আশা করি। আমি ফুটবলের আনন্দ ছড়িয়ে দেই। কিন্তু আমাদের বুঝতে হবে কোনটা আকর্ষণ আর কোনটা হয়রানি!’








