পেসার সুরঙ্গা লাকমালকে দিয়ে শুরু। এরপর লঙ্কান স্পিনারদের আক্রমণে ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টে নাজেহাল হয়ে পড়ে ইংল্যান্ড। সেখান থেকে দলকে প্রথম ইনিংসে লড়াইয়ের স্কোর গড়তে সাহায্য করেন জস বাটলার, স্যাম কারেন। দলটি শেষ পর্যন্ত অলআউট হয়েছে ২৮৫ রানে।
দিনের খেলা ১০ ওভারের মতো বাকি থাকতে গুটিয়ে যায় ইংল্যান্ড। শ্রীলঙ্কা এক উইকেট হারিয়ে ২৬ রানে দিন শেষ করেছে।
বাটলার ৬৭ বলে সাতটি চারে ৬৩ রান করে বিদায় নেন। কারেন ১১৯ বলে এক চার এবং ছয়টি ছক্কায় ৬৪ করেন।
তিন স্পিনার দিলরুয়ান পেরেরা, মালিন্দা পুষ্পকুমারা এবং অকিলা ধনঞ্জয়া মিলে নিয়েছেন ৯ উইকেট।
এরমধ্যে ডানহাতি অফব্রেক বোলার পেরেরা ফিরিয়েছেন চারজনকে। বাঁহাতি অর্থোডক্স বোলার পুষ্পকুমারার শিকার তিনটি। ডানহাতি অফব্রেক বোলার ধনঞ্জয়া নিয়েছেন দুই উইকেট। পেসার লাকমালের শিকার একটি।
টস জিতে ইংল্যান্ড ব্যাট করতে নামলে শুরুটা মোটেই ভালো হয়নি। দলীয় সাত রানের মাথায় সাজঘরে ফেরেন জেনিংস (১)। ৪৪ রান তুলতে বিদায় নেন তিন নম্বরে নামা স্টোকস (১৯)। ওপেনার বার্নস ৮১ বলে ৪৩ করে ধাক্কা সামলানোর চেষ্টা করেন।
বার্নস ফিরে গেলে বাটলার হাল ধরেন। শেষদিকে স্যাম কারেন ৬৪ রানের ইনিংস খেলে দলের স্কোর বড় করার চেষ্টা করেন। তাকে সঙ্গে দেন ৫২ বলে ৩১ রান করা আদিল রশিদ।
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২১১ রানে জয় পেয়েছিল ইংল্যান্ড। শেষ ম্যাচ ২৩ নভেম্বর।







