চীনের সাংহাইয়ে সপ্তাহব্যাপী লকডাউন শুরুর পর প্রথমবার সেখানে করোনাভাইরাসে তিনজনের মৃত্যু হয়েছে।
এএফপি জানিয়েছে, মৃত ব্যক্তিরা বয়স্ক ও সংঙ্কটাপন্ন অবস্থায় ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে সাংহাই কর্তৃপক্ষ জানায়, ‘হাসপাতালে নেওয়ার পর এ তিনজনের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। তাদেরকে বাঁচানোর সকল প্রচেষ্টা ব্যর্থ হয়।’
মৃতদের মধ্যে ৮৯ ও ৯১ বছর বয়সী দুই নারী এবং ৯১ বছরের একজন পুরুষ রয়েছেন।
ওই পোস্টে আরো বলা হয়, তারা সবাই করোনারি হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
পৌরসভা স্বাস্থ্য কমিশন জানায়, চীনের পূর্বাঞ্চলীয় এ বাণিজ্য নগরীতে সোমবার নতুন করে ২২ হাজার ২৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ২ হাজার ৪১৭ জনের উপসর্গ রয়েছে।
২০১৯ সালের শেষের দিকে চীনে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং সেখান থেকে সারাবিশ্বে তা মহামারি আকারে ছড়িয়ে পড়ে।









