কক্সবাজারের টেকনাফে নাফ নদীর জলসীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় ১৪৬ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার সকালে টেকনাফে বিজিবির ২নম্বর ব্যাটালিয়নের সদস্যরা নাফ নদীর বিভিন্ন সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গাদের ফেরত পাঠান। ফেরত পাঠানো এসব রোহিঙ্গাদের বেশির ভাগ নারী, শিশু ও বৃদ্ধ।
বিজিবির ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল ইসলাম বলেন, মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত নাফ নদী পার হয়ে মিয়ানমারের আরাকানে বসবাসরত রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবির সদস্যরা তাদেরকে পুনরায় মিয়ানমারে ফেরত পাঠায়।
বৃহস্পতিবার রাতে রোহিঙ্গারা মিয়ানমার পুলিশের ২৪ টি চেকপোস্টে হামলা চালালে পুলিশ ও বিদ্রোহী রোহিঙ্গাদের সংঘর্ষে এখনও পর্যন্ত কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, আর ২১ জন বিদ্রোহী রোহিঙ্গা। এখনও কিছু কিছু এলাকায় সংঘর্ষ চলছে বলে রয়টার্স জানিয়েছে।








