আন্তর্জাতিক

৪ হাজার ডলারে বিক্রি মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল

৪ হাজার ডলারে বিক্রি মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মাথার একগুচ্ছ চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই নিলামে চুলের গুচ্ছটির দাম উঠেছে ৪ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।

রোববার (২২ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসি নিউজ এই তথ্য প্রকাশ করে।

চুলের গুচ্ছটি একটি বাঁধানো ছবির ফ্রেমে সংরক্ষিত ছিল। নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান রিচমন্ড অকশনস জানিয়েছে, চুলগুলো একসময় জন গ্যাডসবির কাছে ছিল। ১৭৯৯ সালে মৃত্যুর কিছুদিন আগে ওয়াশিংটনকে নিজের বাড়িতে আপ্যায়ন করেছিলেন তিনি। পরে গ্যাডসবির এক বংশধরের কাছ থেকে সংগ্রাহক জন কে ল্যাটিমার চুলগুলো সংগ্রহ করেন। তবে নিলামে কে এটি কিনেছেন, তা প্রকাশ করা হয়নি।

নিলাম প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৭৯৯ সালে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া শহরে বসবাস করতেন গ্যাডসবি। মৃত্যুর কিছুদিন আগে ওয়াশিংটন তার বাড়িতে রাতের খাবার খেয়েছিলেন। ১৯২৮ সালে গ্যাডসবির নাতনি জুলিয়া টেন আইক ম্যাকব্লেয়ার এক লিখিত বক্তব্যে এ ঘটনার কথা জানান। তার ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্ব ও জীবনের শেষ সময়ের সম্পর্কের স্মৃতি হিসেবে তার দাদা এই চুলের মালিক হয়েছিলেন। পরে সেটি বাঁধাই করে বাড়িতে ওয়াশিংটনের ছবির নিচে ঝুলিয়ে রাখা হয়।

নিলাম প্রতিষ্ঠানটি আরও জানায়, ১৭৯৮ ও ১৭৯৯ সালে ওয়াশিংটনের জন্মদিন উপলক্ষে আয়োজিত দুটি অনুষ্ঠানেও অতিথিদের আপ্যায়ন করেছিলেন গ্যাডসবি।

তবে ওয়াশিংটনের চুল বিক্রির ক্ষেত্রে এটিই সর্বোচ্চ দাম নয়। ২০২১ সালে তার মৃত্যুর কাছাকাছি সময়ে বা মৃত্যুর পর সংগ্রহ করা হয়েছে বলে ধারণা করা হয়, এমন তিনটি চুল একটি ছোট অলংকারের বাক্সে সংরক্ষিত অবস্থায় প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে দেশটির সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন জর্জ ওয়াশিংটন। পরে যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৭৮৮ সালে দেশটির প্রথম প্রেসিডেন্ট হন এবং দুই মেয়াদ দায়িত্ব পালনের পর ১৭৯৭ সালে পদ ছাড়েন।

ওয়াশিংটনের চুলের বেশ কয়েকটি নমুনা এখনো সংরক্ষিত রয়েছে। তার সাবেক বাসভবন মাউন্ট ভার্ননে অন্তত ৫০টি নমুনার একটি সংগ্রহ আছে। বর্তমানে জায়গাটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

মাউন্ট ভার্ননের ওয়েবসাইটে প্রকাশিত এক লেখায় বলা হয়েছে, উনিশ শতকে প্রিয়জনের চুল স্মৃতি হিসেবে প্রদর্শনের চল সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। তবে ওয়াশিংটনের মতো বিত্তশালী পরিবারগুলোতে এ ধরনের স্মৃতিচিহ্ন সংরক্ষণের প্রচলন আরও আগে থেকেই ছিল।

ওয়াশিংটনের চুল ছাড়াও তার ব্যবহৃত বিভিন্ন জিনিস নিলামে উচ্চ দামে বিক্রি হয়েছে। গত জুলাইয়ে ১৭৭৬ সালে লেখা তার স্বাক্ষরযুক্ত একটি চিঠি ১ লাখ ৯ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়। চিঠিটিতে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য মহাদেশীয় সেনাবাহিনীতে সৈন্য পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন তিনি।

বিষয়:জর্জ ওয়াশিংটন নিলাম যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট সংরক্ষিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…