মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে নতুন করে যে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে তারা যেন কোনভাবেই ভোটার তালিকায় অন্তর্ভূক্ত না হতে পারে সেজন্য নির্বাচন কমিশন সতর্ক অবস্থায় আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নরুল হুদা।
টাঙ্গাইলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন। আগামী ২৪ সেপ্টেম্বর সারা দেশের জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের সাধারণ, স্থগিত ও উপ-নির্বাচন উপলক্ষে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিভিন্ন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে সাক্ষাত করে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে। এমনকি বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করবে বলে জানিয়েছে।
আগামী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু অধিকাংশ রাজনৈতিক দল সেনাবাহিনী মোতায়েনের দাবী তুলেছে তাই আমরাও বিষয়টি বিবেচনা করছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন ও পুলিশ সুপার মাহবুব আলম।








