রোমাঞ্চ ছড়িয়ে জিতল আবাহনী

বাংলাদেশের ফুটবল ম্যাচে আবাহনী দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে, একটি গোলের জন্য লড়াই করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রিমিয়ার লিগের নবম রাউন্ডে রোমান্স ছড়ানো জয় পেয়েছে আবাহনী লিমিটেড। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৩-২ গোলে হারায় শিরোপাধারী আবাহনী।
শুরুতে তিন গোল করে ম্যাচ মুঠোয় নিয়েছিল আবাহনী। তবে প্রথমার্ধেই ঘুরে দাঁড়ানো ব্রাদার্স শেষ দিকে গোল করে ম্যাচ জমিয়ে তুললেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনীই।
টানা তিন ম্যাচে হারের কারণে বেশ চাপ নিয়েই মাঠে নেমেছিল ব্রাদার্স। ম্যাচে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগও পেয়েছিল তারাই। ১৪ মিনিটে সিও জুনাপিও একা পেয়েও গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন।
উল্টো চার মিনিট পর আত্মঘাতী গোলে এগিয়ে যায় আবাহনী। ২০ মিনিটে সমতায় ফেরার ভালো একটি সুযোগ নষ্ট হয় ব্রাদার্সের। ডান দিক থেকে জুনাপিওর নেওয়া শট পোস্টে প্রতিহত হয়।
খেলার ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন এমেকা। ছয় মিনিট পর আরও একটি সুযোগ নষ্ট হয় আবাহনীর।
ব্রাদার্স আরও কোণঠাসা হয়ে পড়ে ৪১ মিনিটে। জীবনের গোলে তৃতীয়বারের মত পিছিয়ে পড়ে তারা।
প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফেরা গোল পায় ব্রাদার্স। গোল করেন অগাস্টিন ওয়ালসন। এরইমধ্যে আবার ধাক্কা খায় ব্রাদার্স। ৫৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার আরিফ খান জয়।
৮৭ মিনিটে জুনাপিওর ক্রসে এনটিম টুয়াম ফ্রাঙ্কের হেডে আবাহনীর গোলরক্ষককে পরাস্ত করে ম্যাচ জমিয়ে তোলে ব্রাদার্স। কিন্তু পরে আর সমতায় ফেরা গোলের নাগাল পায়নি দলটি।
৯ ম্যাচে আবাহনীর পয়েন্ট ২০। আর সাত ম্যাচে হেরে ব্রাদার্সের পয়েন্ট ৫।




