ক্রিস্টিয়ানো রোনালদো এবং পাওলো দিবালাদের গালে থাকবে লাল রঙের দাগ। শুধু রোনালদো-দিবালা নন, আগামী শনি ও রোববার সিরি আ’তে গঞ্জালো হিগুয়েন-মাউরো ইকার্দিদেরও দেখা যাবে একইরকম ‘ফেস পেইন্ট’ অবস্থায়।
কারণ? মেয়েদের প্রতি হিংসার ঘটনার বিরুদ্ধে সচেতনতা তৈরি করা।
গালে রং লাগিয়ে রোনালদোও যখন মাঠে নামবেন, তখন তাকে নিয়ে হালকা বিতর্কও হচ্ছে। কারণ, নয় বছর আগের ঘটনায় এক আমেরিকান মডেল সিআর সেভেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। আমেরিকান পুলিশ সেই ঘটনা তদন্তও করছে।
এমন সময়ই, পর্তুগিজ তারকা মাঠে নামবেন মেয়েদের প্রতি হিংসার ঘটনার বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়ে।
’উই ওয়ার্ল্ড অনলাস’ নামের একটি সংস্থা বিশ্বের মেয়েদের অধিকার রক্ষায় কাজ করে। তাদের উদ্যোগেই সিরি আ’তে এই সচেতনতা। উদ্যোগটির পেছনে সমর্থন আছে জাতিসংয়েরও।
এই সপ্তাহে সিরি আ’র সব ম্যাচেই ফুটবলারদের সঙ্গে মাঠে নামবেন মেয়েরা। আর ফুটবলারদের বলা হয়েছে, গালে লাল রঙ লাগিয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করতে।







