পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে টিকিটাকা ফুটবলের বাহক স্পেনকে। রোনালদো প্রথম গোলটি পেয়েছিলেন পেনাল্টিতে। সেটা মেনেই নিতে পারছে না স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে।
পিকে বলছেন, প্রথম গোলটি রোনালদোর পাওনা ছিল না। সরাসরি কিছু না বললেও ইঙ্গিত করেছেন, ‘রোনালদোর ডাইভ দেয়ার অভ্যাস আছে।’
ম্যাচের শুরুতে নিজেদের গুছিয়ে নেয়ার আগেই ৪ মিনিটে প্রথম গোল খেয়ে বসে স্পেন। বক্সের ভেতর নাচো ফেলে দিয়েছিল রোনালদোকে, পেনাল্টি থেকে গোল করে সিআর সেভেন এগিয়ে নেন পর্তুগালকে।
সেটা টেনেই পিকে মনে করিয়ে দিচ্ছেন, রোনালদোর ডাইভ দেয়ার অভ্যাস আছে।
পিকের মতে স্পেন সবদিক থেকেই এগিয়ে ছিল, ‘ওরা তিনটা সুযোগ পেয়েছে, তিনটিই কাজে লাগিয়েছে। আমরা অনেকবেশি সুযোগ পেয়েছি। তবে খেলায় এরকম হয়, এটা আমাদের মেনে নিতে হবে।’
সবদিক মেনেই পিকে টানছেন ওই পেনাল্টি প্রসঙ্গ। ম্যাচের ফল আর ঘোরানো সম্ভব নয়। তবুও মেনে নিতে পারছেন না, ‘ম্যাচের শুরুতেই যখন আপনি এভাবে পেনাল্টি থেকে গোল খেয়ে পিছিয়ে পড়বেন, তখন খেলাটা অন্যদিকে চলে যেতে বাধ্য।’
রোনালদোর দ্বিতীয় গোলটা অবশ্য ডেভিড ডি গিয়ার ভুলে হয়েছিল। এক্ষেত্রে পিকে পাশেই দাঁড়াচ্ছেন সতীর্থের, ‘এরকম ভুল হতেই পারে। ও অনেক বছর ধরে দুর্দান্ত করছে। আমি জানি, গুরুত্বপূর্ণ সময়ে ও ঠিকই আমাদের হয়ে ভালো করবে।’








