যেকোনো ফুটবল ম্যাচের অন্তত একঘণ্টা আগে শেষবারের মতো ভরপেট খাওয়ার সুযোগ পান ফুটবলাররা। কিন্তু মোহামেদ সালাহর সামনে থাকছে না সেই সুযোগ। কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে একপ্রকার রোজা রেখেই খেলতে হবে লিভারপুল ফরোয়ার্ডকে। এতে অবশ্য তার খেলায় খুব একটা প্রভাব পড়বে না বলেই জানাচ্ছেন ‘মিসরের রাজা’।
একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে রমজানে প্রতিটি রোজাই রাখেন সালাহ। রোজা রাখবেন ২৬ মে’তেও। সেদিন ইউরোপ সেরার লড়াইয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কিয়েভের মাঠে নামবে সালাহর ক্লাব লিভারপুল। স্থানীয় সময় সন্ধ্যা ৭.৪৫, আর বাংলাদেশ সময় রাত ১২.৪৫ মিনিটে শুরু হবে ফাইনাল।
সেহরি থেকে সারাদিন খালি পেটে রোজা রাখার পর সূর্য ডুবলে ইফতারের সুযোগ পান রোজাদার মুসলিমরা। কিন্তু কিয়েভে সূর্য ডুববে ফাইনাল শুরু হওয়ার ৩০ মিনিট আগে। নিয়ম অনুযায়ী তখন ভরপেট খাওয়ার সুযোগ পাবেন না সালাহ। হাল্কা কিছু খেয়েই হয়ত মাঠে নেমে পড়তে হবে এক ইংলিশ মৌসুমে রেকর্ড সর্বোচ্চ ৩২ গোল করা ফরোয়ার্ডকে।
সারাদিন খালি পেটে থাকার পর খেলায় ক্লান্তি বোধ করতে পারেন, এমন শঙ্কায় সালাহকে ফাইনালের দিনে রোজা না রাখতে অনুরোধ করেছিলেন লিভারপুল কর্তারা। বিনয়ের সঙ্গে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন সালাহ। জানিয়ে দিয়েছেন, খালি পেটে খেলতে কোনো সমস্যাই হবে না তার।
সালাহ একা নন। লিভারপুলের অন্য মুসলিম সতীর্থ সাদিও মানে এবং এমেরি কেনও রোজা রাখার ব্যাপারে অনুসরণ করতে পারেন তাদের মিসরীয় সতীর্থকে।







