পেড্রো রদ্রিগেজ, গ্যারেথ বেল, টমাস মুলারসহ দলবদলের বাজারে যে কয়জনকে প্রস্তাব দিয়েছে তার সবগুলোতেই না উত্তর পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলবদলের বাজার শেষ হতে বাকি আর মাত্র ছয় দিন। তার আগে ‘মিশন নেইমারে’ নেমেছে ম্যানইউ। ব্রাজিলিয়ান ‘ওয়ান্ডার কিড’কে সই করাতে ২শ ৪০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত প্রস্তাব দিতে রাজি লুই ভ্যান গলের দল।
কদিন আগেই ম্যানইউ’র ডাচ কোচ বলেছিলেন, ‘মার্কি’ ফুটবলার চাই। সেটা চিন্তা করে পেড্রোকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে ছিলেন তিনি। কিন্তু পেড্রোকে হারিয়ে এখন নেইমার মিশনে নেমেছেন। সেজন্য অবশ্য টাকার মায়া করছেন না। ম্যানইউ সমর্থকদের কাছ থেকে আওয়াজ আসছে নেইমার আনো, ক্লাব বাঁচাও।
তবে ব্রাজিলিয়ান অধিনায়ককে দলে আনতে হলে অবিশ্বাস্য রকম কাঠখড় পোড়াতে হবে ম্যানইউকে। নেইমারের দাম ১৪ কোটি পাউন্ড হলেও কর মিলিয়ে সেটা ২৪ কোটি পাউন্ডের উপর দাঁড়াবে। তার উপরে আবার নেইমারের জন্যই পেদ্রোকে ছেড়েছিলো বার্সা।
চেষ্টা-পরিকল্পনা যাই হোক, বার্সা প্রেসিডেন্টের কথা ঠিক হলে এবারও ব্যর্থ হবে ম্যানইউ। জোসেপ মারিয়া বার্তেমিউ পরিষ্কার বলেছেন, ‘আমি চাই নেইমার বার্সেলোনাতেই অবসর নিক। আমরা ওকে ক্লাবে রাখতে চাই। ওকে কোথাও যেতে দেওয়া হবে না।’







