দুঃসময় যেন শেষই হচ্ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগা বা চ্যাম্পিয়ন্স লিগ কোথাও স্বস্তিতে নেই জিনেদিন জিদানের দল। এক ম্যাচে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগিয়ে পরের ম্যাচে গিয়ে আবার হোঁচট। এভাবেই চলছে রিয়ালের এবারের মৌসুম।
শেষ চার ম্যাচে জয় আছে কেবল একটিতে, আর দুটি হারের বিপরীতে একটি ম্যাচ ড্র। এ অবস্থায় চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকেই পাচ্ছে ‘লস ব্লাঙ্কোস’রা। রাত ১টা ৪৫ মিনিটে ‘এইচ’ গ্রুপে অ্যাপোয়েল নিকোশিয়ার বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে মাঠে নামছে রিয়াল
বার্নাব্যুতে প্রথম লেগে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতেছিল স্প্যানিশ জায়ান্টরা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলার সময় নাক ভেঙে যাওয়ায় এ ম্যাচে থাকছেন না রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। তবে রিয়ালের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম রোনালদো। নিজেকে যেন খুঁজেই পাচ্ছেন না সিআর সেভেন।
রোনালদোর মত করিম বেনজেমাও ভুগছেন গোলখরায়। রিয়ালের পথে ফেরার ম্যাচে চ্যালেঞ্জটা তাই বেশ কঠিনই বটে। আর ছন্দহীন রিয়ালকে চমকে দিতে চাইবে অ্যাপোয়েলও। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুই ম্যাচে ড্র করাটা আলাদা করে অনুপ্রেরণা জোগাবে সাইপ্রাসের ক্লাবটিকে।
রিয়ালের দিনে রাতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে টটেনহ্যাম হটস্পার, ম্যানচেস্টার সিটি খেলবে ফেইনুর্দর বিপক্ষে। এছাড়া একই সময়ে মাঠে গড়াবে চেলসি-কারাবাগ, সেভিয়া ও লিভারপুল ম্যাচ।







