জিনেদিন জিদানের আকস্মিক পদত্যাগের ঘোষণার মতোই আকস্মিকই নতুন কোচের নাম জানাল রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপ শুরুর মাত্র দুদিন আগে স্পেন জাতীয় দলের বর্তমান কোচ হুলেন লোপেতেগিকে জিদানের উত্তরসূরি নিয়োগের কথা জানিয়েছে লস ব্লাঙ্কোসরা। বিশ্বকাপের পরপরই দায়িত্ব নেবেন তিনি। মঙ্গলবার এ ঘোষণা দেয় রিয়াল।
শুক্রবার পর্তুগাল ম্যাচ দিয়ে বিশ্বকাপ ঘরে ফেরানোর মিশন শুরু করবে স্পেন। তার আগে কানাঘুষা চলছিল বিশ্বকাপের পর ইউরো শিরোপা পুনরুদ্ধারের জন্য লা রোজাদের সঙ্গে নতুন চুক্তি করবেন ৫১ বছরের লোপেতেগি। কিন্তু সব হিসাব-নিকাষ উল্টে দিয়ে রিয়াল মাদ্রিদের কোচ হয়ে গেলেন তিনি।
লোপেতেগির নিয়োগের সংবাদ নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। চুক্তি হয়েছে তিন বছরের জন্য। আর দায়িত্ব নেবেন রাশিয়া বিশ্বকাপের পরেই।
রিয়ালে জিদানের উত্তরসূরি হিসাবে অ্যান্টনিও কন্তে, ইয়ুর্গেন ক্লপ, মাউরিসিও পচেত্তিনো, আর্সেন ওয়েঙ্গার, জোয়াকিম লো’র মতো হ্যাভিওয়েটদের নামও শোনা গিয়েছিল।
রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর পর গত ৩১মে আকস্মিকভাবে মাদ্রিদিস্তাদের কোচের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন জিদান।







