রাস্তা অবরোধ করে নিউমার্কেটের ব্যবসায়ীদের বিক্ষোভ

রাজধানীর নিউমার্কেটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৭৮ টি দোকান নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকশ’ ব্যবসায়ী। সোমবার বেলা সাড়ে ১২টা থেকে তারা নিউমার্কেটের ১ ও ২ নম্বর গেইট সংলগ্ন সবগুলো রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
দুপুর আড়াইটার দিকে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন চ্যানেল আই অনলাইনকে বলেন: আমাদের দাবি অবিলম্বে সিটি কর্পোরেশনের দোকান নির্মানের এ সিদ্ধান্ত থেকে সরে আসবে। আর যতক্ষণ পর্যন্ত আমাদের সাংসদ শেখ ফজলে নুর তাপস এসে আমাদের দাবি মানার ব্যাপারে এসে আশ্বাস না দেবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এ অবরোধ চলবে।

রাস্তা অবরোধ করায় পুরো নিউমার্কেট, নীলক্ষেত, সায়েন্সল্যাব, কাটাবন, এলিফ্যান্ট রোড, শাহবাগ এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আটকা পড়েছে শত শত যাত্রীবাহী বাস। তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।






