শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার’ পেয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেডসহ ১৩টি প্রতিষ্ঠান। ছয়টি ক্যাটাগরিতে এসব প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়।
গত মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় শিল্পখাতের প্রবৃদ্ধি ধরে রাখতে বিনিয়োগের নতুন ও সম্ভাবনাময় খাত খুঁজে বের করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা গত ৮ ফেব্রুয়ারি প্রকাশ করে শিল্প মন্ত্রণালয়। ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, হাইটেক শিল্প, মাইক্রো ও কুটির শিল্প শ্রেণিতে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার দেয়া হয়।
বৃহৎ শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে এনভয় টেক্সটাইলস। প্রতিষ্ঠানের পক্ষে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন এনভয় গ্রুপ ও শেলটেক লিমিটেডের পরিচালক তানভীর আহমেদ।










