লালে-লাল বিশ্বকাপ। রাশিয়ায় যেন লালের সমাহার। সর্বত্র ছড়িয়ে থাকা লালের ছোঁয়া আছে দলগুলোতেও। প্রায় প্রতিদিনই কোনো না কোনো দল লাল জার্সি জড়িয়ে মাঠে নামছে। এত লালের মাঝে দেখা মিলছিল না কেবল খেলোয়াড়দের অপছন্দের এক লালের! অবশেষে সেই ‘লাল কার্ডে’র দেখা মিলল। তাতে এই বিশ্বকাপে লাল কার্ড দেখা প্রথম খেলোয়াড়ের নাম কার্লোস সানচেজ।
মঙ্গলবার দিনের প্রথম ম্যাচ শুরু হওয়ার মাত্র তিন মিনিটের মাথায় আক্রমণে যায় জাপান। কলম্বিয়ার জাল বরাবর লম্বা শট নিয়েছিলেন জাপান অধিনায়ক শিনজি কাগুওয়া। সেই শট জালে না গিয়ে আটকে যায় কলম্বিয়ান ডিফেন্ডার কার্লোস সানচেজের হাতে। তাতেই বিপত্তি!
জাপান-কলম্বিয়া ম্যাচে ডি-বক্সে হাত দিয়ে বল আটকানোর দায়ে সানচেজকে সরাসরি লাল কার্ড দেখান স্লোভেনিয়ান রেফারি ডামির সোকোমিয়া। রাশিয়া বিশ্বকাপের প্রথম লাল কার্ড। যেটা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম লাল কার্ড। সঙ্গে জাপান পায় মহাগুরুত্বপূর্ণ এক পেনাল্টিও। স্পটকিকে এগিয়েও যায় দলটি। পরে অবশ্য বিরতির আগেই সমতা ফিরিয়েছে খেলতে নেমেই ১০ জনের দল হয়ে পড়া কলম্বিয়া।
যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে ইচ্ছে করে বলে হাত লাগাননি সানচেজ। অর্থাৎ, লাল কার্ড পাওয়ার মতো অপরাধ হয়ত ছিল না। কিন্তু রেফারি এতকিছু আমলে নেননি। তার কাছে লাল কার্ডের মতো অপরাধই ছিল ওটা।








