রাশিয়ার কাছে ডোনাল্ড ট্রাম্পের গোপন তথ্য আছে এমন অভিযোগকে ‘রাবিশ’ বলে নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ট্রাম্পকে ঘিরে ওবামা প্রশাসনের গোয়েন্দা প্রতিবেদন নিয়ে বিতর্কে রাশিয়াকে জড়ানোর পর এতোদিন চুপ থাকলেও এবার জবাব দিলেন রুশ প্রেসিডেন্ট।
মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, রাশিয়ার কাছে ট্রাম্পের ব্যক্তিগত ও ব্যবসায়িক গোপন দলিল থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
তিনি বলেন, ‘এটা সত্য যে ট্রাম্প মস্কোতে এসেছিলেন। তবে কবে এসেছিলেন তা মনে করতে পারছি না। হবে হয়তো কয়েক বছর আগে। তখন তিনি রাজনীতিও করতেন না বোধহয়। আমরা তার রাজনৈতিক লক্ষ্য নিয়েও কিছুই জানতাম না। আমাদের কাছে তিনি শুধুই একজন ব্যবসায়ী ছিলেন, আরও কিছু ভাবলে একজন ধনী আমেরিকান। আপনাদের কি ধারণা আমরা প্রত্যেক মার্কিন ধনকুবেরের পেছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছি? অবশ্যই না। এরকম ভাবাটা একেবারেই ‘রাবিশ’।
ট্রাম্পের সঙ্গে জড়িয়ে নিজেকে সমালোচিত হতে দিতে চান না পুতিন। বলেন,‘ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক পরিসরে কী করবেন তা আমি জানি না। তাই এখনই তার সমালোচনা কিংবা তার পক্ষে কিছু বলার জন্য আমার কাছে কোনো শক্ত ভিত্তিই নেই’।






