রাবিতে ৩৯ শিক্ষার্থী করোনায় আক্রান্ত, সশরীরে ক্লাস চলবে

Entrance gate of Rabi University with logo, brick pillars, and surrounding greenery in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এ গতকাল ৬৮ শিক্ষার্থীর করোনা টেস্ট করার পর ৩৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। তবুও সশরীরেই ক্লাস ও পরীক্ষা চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কোনো বিভাগ চাইলে তাদের সক্ষমতা অনুযায়ী অনলাইনেও ক্লাস নিতে পারবে।
বিশ্ববিদ্যালয় মেডিকেলের প্রধান চিকিৎসক তবিবুর রহমান প্রধান বলেন, সকলের মধ্যেই করোনার এই ধরণের লক্ষণ দেখা যাচ্ছে। যে যেখানে আছে, সে সেখানেই অবস্থান করবে। আর যারা আক্রান্ত হচ্ছেন, তারা চিকিৎসাধীন অবস্থায় থাকবেন। আমরা আশা করছি, বর্তমানে যে ভ্যারিয়েন্টের দ্বারা আক্রান্ত হচ্ছে, এই ভ্যারিয়েন্টে কারও তেমন কোনো ক্ষতি হবে না।
তিনি আরও জানান, আমরা পিসিআর ল্যাব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করেছিলাম। দুই দিনে ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনাগুলোর মধ্যে ৩৯টি ফলাফল পজিটিভ এসেছে। তবে এটা নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য বলেন তিনি।
এমন পরিস্থিতি আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি সভা ডাকেন। সেই সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সশরীরে ক্লাস পরীক্ষা নেওয়ার সিন্ধান্ত গ্রহণ করেন। এবং চাইলে যে কোনো বিভাগ অনলাইনে ক্লাস চালিয়ে যেতে পারবে বলে জানানো হয়।
তবে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে। শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হওয়ার পরও এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে অনেক শিক্ষার্থী।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শামীম রেজা বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রায় দুই বছর সশরীরে ক্লাস বন্ধ ছিল। ফলে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এ ক্ষতি পুষিয়ে উঠতে ক্লাসে ফেরা জরুরি। যেহেতু করোনার এই ভ্যারিয়েন্ট এতটা প্রভাব ফেলছে না। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
উপ-উপাচার্য সুলতান-উল-ইসলাম বলেন, বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষাগুলো এখন সশরীরেই চলবে। তবে কোনো বিভাগ চাইলে তাদের সামর্থ্য অনুযায়ী অনলাইনেও ক্লাস নিতে পারবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খোলা থাকবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র এবং হলগুলোর আইসোলেশন রুমের ব্যবস্থা থাকবে। কোনো শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের আইসোলেশন রুমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে।






