শেষ ৫ বলে দরকার ৪৯ রান, হাতে ৪ উইকেট। জয়ের কোনো সম্ভাবনাই যেখানে নেই, সেখানেও ঝুঁকি নিয়ে সিঙ্গেলস নেয়ার চেষ্টায় শেষ তিন বলে রানআউট হলেন তিন ব্যাটার। মেয়েদের জাতীয় ক্রিকেট লিগে সোমবারের ম্যাচে ঘটেছে এমন অদ্ভুত ঘটনা। ৫ বলের ব্যবধানে কোনো রান না তুলেই চার উইকেট হারিয়েছে ময়মনসিংহ বিভাগ।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে মোর্শেদা খাতুন হ্যাপির সেঞ্চুরি ও জাহানারা আলমের ৫৬ রানের অপরাজিত ইনিংসে টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেট বিভাগ ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ২১১ রান। জবাব দিতে নেমে ভাল সূচনা পায় ময়মনসিংহ বিভাগ। ইসমা তানজিম ও নিগার সুলতানা জ্যোতির ব্যাটে আগায় দলটি।
তবে তাদের কিছুটা ধীরগতির ব্যাটিংয়ের কারণে কঠিন হয়ে পড়ে জয়ের পথ। দলকে শতরানের কাছে রেখে ৪৬ করে আউট হন ইসমা। খেলে যান ৮০ বল। দ্রুত আরও কয়েকটি উইকেট হারানোয় পরে রান তোলার গতি কমে আসে দলটির।
নিগার সুলতানা টিকে থেকে হারের ব্যবধান কমানোর চেষ্টা চালান। ১৪৭ বলে ৮৪ রানের ইনিংস খেলা এ ব্যাটার অফস্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনার বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে।
পরের চার বলে তিন ব্যাটার হন রানআউট। চতুর্থ বলে মিশু খান, পঞ্চম বলে সাবিকুন নাহার জেসমিন ও শেষ বলে স্বর্ণা আক্তার রান আউট হন। শেষ পর্যন্ত অলআউট হয় ময়মনসিংহ। প্রথমটি পিংকি, পরের দুটি রান আউট করেন জাহানারা।
কোনো রান যোগ না করেই শেষ ৪ উইকেট হারায় ময়মনসিংহের মেয়েরা। ৪৮ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে সিলেট। চলমান লিগে প্রথম সেঞ্চুরি করা মোর্শেদা হয়েছেন ম্যাচসেরা।









