ঈদের আগে রানা প্লাজায় হতাহতদের শতভাগ ক্ষতিপূরণ পরিশোধের দাবিতে সাভারে মানববন্ধন ও সমাবেশ করেছে রানা প্লাজার ক্ষতিগ্রস্থরা।
বুধবার সকালে ধসে পড়া রানা প্লাজার সামনে এ কর্মসুচি পালন করা হয়।
হতাহতদের স্বজনরা অভিযোগ করেন, ক্ষতিপূরণের শতভাগ অর্থ জমা পড়লেও তা রহস্যজনক কারণে এখনও ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করছে না রানা প্লাজা সমন্বয় কেন্দ্র। অথচ মানবেতর জীবন যাপন করছে হতাহতদের পরিবারের সদস্যরা।
আগামী ঈদের আগে হতাহতদের ক্ষতিপূরণ পরিশোধ করার দাবি জানান তারা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে দু’ হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করা হয় এক হাজার ১১৭ জনের। হাসপাতালে মারা যান ১৮ জন। মৃতের সংখ্যা সর্বমোট এক হাজার ১৩৫ জন।
এর মধ্যে ৮৪৪ জনের মরদেহ শনাক্ত করে মৃতদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। আর ডিএনএ নমুনা সংগ্রহ করে জুরাইন কবরস্থানে দাফন করা হয় ২৯১ জনকে।







