‘রাত জাগা ফুল’ নিয়ে একটিও নেগেটিভ মন্তব্য পাইনি: মীর সাব্বির

মীর সাব্বিরের ছবি, গাছে ফুলের পাশে সূর্যের আলো।. Channel i News – চ্যানেল আই নিউজ
অভিনেতা মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা ‘রাত জাগা ফুল’ মুক্তি পাচ্ছে ৩১ ডিসেম্বর। মুক্তির আগে এর গান ও ট্রেলার দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক মুগ্ধতা প্রকাশ করছেন। দর্শক প্রতিক্রিয়া মন ছুঁয়ে যাচ্ছে মীর সাব্বিরের। তিনি বলছেন, আমার বিশ্বাস ৩১ ডিসেম্বর থেকে মানুষ নতুনভাবে হলমুখী হওয়া শুরু করবে।
পরিচালিত প্রথম সিনেমা নিয়ে মীর সাব্বির চ্যানেল আই অনলাইনকে বলেন, দর্শক অদ্ভুত সব ভালো লাগার মন্তব্য করছেন। এখন পর্যন্ত একটিও নেগেটিভ মন্তব্য পাইনি। বরং সবাই আশাবাদের কথা বলছেন। অসম্ভব ভালো ভালো কথা বলছেন। যা আমাকে চমৎকারভাবে উৎসাহ যোগাচ্ছে।
তিনি আরও বলেন, এদেশের মানুষ সবসময় সুন্দরের সঙ্গে ছিল। সুন্দর কাজের জন্য আমরা যে যুদ্ধ করেছি, সেটা যদি সফল হয় সেই বিজয় হবে সবার বিজয়। দর্শকদের ভালো লাগাই হচ্ছে আসল বিজয়। গান, ট্রেলার দেখে সবাই যেমন ভালো কিছু প্রত্যাশা করছে, তাতে বিজয়ের ইঙ্গিত পাচ্ছি। তাদের প্রত্যাশা পূরণে সক্ষম হতে পারবো। শুধু চাই, মানুষ সিনেমাটা হলে এসে দেখুক।

২০১৮-১৯ অর্থ বছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রথম মুক্তি পাচ্ছে মীর সাব্বিবের ‘রাত জাগা ফুল’। পরিচালনায় পাশাপাশি এতে অভিনয় করেন মীর সাব্বির। ট্রেলারে প্রকাশিত মীর সাব্বিরের লুকটি নজর কেড়েছে। ধারণা করা যাচ্ছে, গত দুই দশকে এমন মীর সাব্বিরকে আগে দেখেনি কেউ।
মীর সাব্বির বলেন, আমার চরিত্রটি রইস উদ্দিনের। এই চরিত্রটার জন্য ওজন বাড়াতে হয়েছে। কারণ রইস উদ্দিনের বয়স ৫০ বছর আর বাংলাদেশের বয়সও ৫০ বছর। এই চরিত্রের জন্য প্রায় একবছর ধরে চুল রাখতে হয়েছে। শুটিংয়ে আগে প্রায় তিনমাস দাঁড়ি কাটিনি। চরিত্রটির জন্য অনেককিছু সেক্রিফাইস করতে হয়েছে। যা কিছু করেছি ভালো কাজের জন্য করেছি।

তিনি আরও বলেন বলেন, আমি কোনো ঘরানা কেন্দ্রিক গল্পের সিনেমা নির্মাণ করিনি। বাংলাদেশের মানুষের হাসি, কান্না, গান, স্বপ্ন, আবেগের গল্প বলেছি। সেই স্বপ্নে বিভোর হয়ে বাস্তবের কাছাকাছি আসার গল্প বলেছি।
মীর সাব্বির ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, ঐশী, রাশেদ মামুন অপু তানভীর। গানগুলো করছেন মমতাজ, এস আই টুটুল, হৃদয় খান, রাহুল আনন্দ, অবন্তী সিঁথি, কলকাতার নচিকেতা। সিনেমাটি মুক্তির জন্য পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। রবিবার পর্যন্ত সবগুলো সিনেপ্লেক্স, শ্যামলী, মধুমিতা, বর্ষা, নারায়ণঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সুগন্ধা, যশোরের মনিহারসহ ২৫টির মতো সিনেমা চূড়ান্ত হয়েছে।






