‘এই মুহূর্তে আমি সিঙ্গল।’ সংবাদ মাধ্যমের কাছে সাফ জানালেন রাজ চক্রবর্তী, ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় পরিচালক। চিত্রনায়িকা শুভশ্রীর সঙ্গে এখন আর প্রেম করছেন না তিনি। তাহলে যে বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল, সেটা? রাজ বললেন, ‘আমার আর শুভশ্রীর মধ্যে সম্পর্ক ছিল এটা সত্যি। কিন্তু আমরা বিয়ে করিনি। কিছু সমস্যা হচ্ছিল। শুভশ্রী খুব ভালো মেয়ে। আসলে আমাদের নিয়ে কিছু পরিচিত লোক নানা গেম খেলেছে। এগুলো আমাদের পরিবারকে ইফেক্ট করে। সেখানে দাঁড়িয়ে মনে হলো, আমি আর ব্যালান্স করতে পারছি না।’
প্রেমের সমাপ্তি টানার সিদ্ধান্ত রাজ একাই নিয়েছেন? রাজ বললেন, ‘আমি আর শুভশ্রী, আমরা দুজনে মিলেই ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছি। এখন আমরা কাজকে প্রাধান্য দিতে চাই। আমাদের বাড়ির লোকজনও সাফার করছিল। এত ঝামেলা করে একটা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার মানে হয় না।’
এর আগে চিত্রনায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গেও গভীর প্রেম ছিল রাজের। তাহলে রাজ আবার মিমির কাছে ফিরছেন? রাজ বলেন, ‘আমাদের সম্পর্ক ছিল চার বছর। আমরা ভালো বন্ধু ছিলাম। মিমির সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরও ওর প্রতি কোনো তিক্ততা ছিল না। শুভশ্রীর সঙ্গে সম্পর্ক নেই মানে, ওর প্রতি আমার শ্রদ্ধা চলে গেছে, তা তো নয়! আমার মনে হয়, মিমির সঙ্গে বন্ধুত্ব রাখাই ভালো। আর কোনো সম্পর্কে জড়াতে চাই না।’










