ওমানের মাসকটে গড়ানো জুনিয়র ওমেন’স এশিয়ান কাপ হকির ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে প্রথমবার স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ নারী দল।
প্রথম কোয়ার্টারের শেষ দিকে আইরিনের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে এমা নাদিরা ব্যবধান দ্বিগুণ করেন। শেষ কোয়ার্টারে কাজাখস্তানের একটি গোল ভিডিও রিভিউয়ে বাতিল হলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
২০১৯ সালে নারী হকির যাত্রা শুরুর পর এটি এশিয়ান যুব পর্যায়ে বাংলাদেশের মেয়েদের সেরা সাফল্য। গত আসরে রৌপ্যপদক জেতার পর এবার স্বর্ণপদক জিতল তারা।







