জগন্নাথ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক রাজীব মীর (মীর মোশারেফ হোসেন) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ভারতের চেন্নাইয়ের গ্লোবাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে টানা দুই দিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
রাজীব মীরের ছোট বোন সৈয়দা ফারজানা ইয়াসমীন জানান, তিন ভাইবোনের মধ্যে রাজীব ছিলেন সবার বড়। শুক্রবার রাত ১টা ৩৭ মিনিটে তাঁর ভাই মারা যান। রাজীবের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে জানিয়ে ফারজানা বলেন, এখন সেখানে রাজীব মীরের বাবা-মা, সবচেয়ে ছোট বোন ও বোনের স্বামী রয়েছেন। আর রাজীবের স্ত্রী সুমনা খান ও মেয়ে বিভোর এখন ঢাকায় আছেন।
সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। তিন মাস আগে চিকিৎসার জন্য তিনি চেন্নাই যান। তখন চিকিৎসকরা জানান, দুই মাসের মধ্যে লিভার ট্রান্সপ্লান্ট করা না হলে তাকে বাঁচানো সম্ভব নয়। শিক্ষক রাজীব মীরের চিকিৎকসার জন্য প্রায় এক কোটি টাকা প্রয়োজন ছিল। পরবর্তীতে শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা মিলে সেই অর্থ জোগাড় করার চেষ্টা করেন।
সৈয়দা ফারজানা জানান, একপর্যায়ে লিভার প্রতিস্থাপনের প্রয়োজনীয় অর্থ হাসপাতালে জমা দেওয়া হলে অস্ত্রোপচারের জন্য গত শনিবার সময় নির্ধারণ করা হয়। ডোনারসহ সবকিছুই প্রস্তুত ছিল, কিন্তু গত শনিবারের আগে হার্ট অ্যাটাক হয় রাজীবের। এরপর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর রাজীব কবিতা লেখা ছাড়াও নিয়মিত লেখালেখি করতেন।








