রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীর বেনীপুর জঙ্গি আস্তানা থেকে আত্মসমর্পণকারী নারী জঙ্গি সুমাইয়ার ১০ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সুমাইয়াকে রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ হাজির করে পুলিশ।
এসময় ১৫ দিনের রিমাণ্ডের আবেদন করলে বিচারক সাইফুল ইসলাম এ রিমাণ্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার সকালে ওই জঙ্গি আস্তানায় অভিযানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে পাঁচ জঙ্গির মৃত্যু হয়। জঙ্গিদের হামলায় আব্দুল মাতিন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাজশাহী গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম মুন্সি জানিয়েছিলেন, ওই বাড়িতে শাড়ী কাপড় ব্যবসায়ী সাজ্জাদ ও পরিবার কিছুদিন ধরে বসবাস করছিলেন।
জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার রাত থেকে পুলিশ বাড়িটি ঘিরে রাখে। বৃহস্পতিবার ভোরে ৬ জন জঙ্গি থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ।
সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ আত্মসমর্পণ করতে বললে জঙ্গিরা এগিয়ে এসে আত্মঘাতি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে ২ নারীসহ ৫ জঙ্গি নিহত হয়।
অভিযানে জঙ্গি সুমাইয়া চার ঘন্টা পর পুলিশের অনুরোধে তিন মাসের মেয়ে ও আট বছরের ছেলে নিয়ে আত্মসমর্পণ করেন।








