রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি প্রায় ৮৮ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে।
রাজশাহীর ১৩৮টি কেন্দ্রের সবগুলোরই ফলাফলে লিটন পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট। বুলবুল পান ৭৮ হাজার ৪৪২ ভোট।
সোমবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর ভোট ডাকাতির অভিযোগ তোলেন বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, সমস্যার সমাধান না হলে ভোট দেবেন না তিনি। তবে নির্বাচন বর্জন করবেন না।
শেষ পর্যন্ত বুলবুল ভোটই দেননি।
বিকেল চারটার দিকে শেষ হয় ভোটগ্রহণ। তারপরে শুরু হয় ভোটগণনা। তিন লাখ আঠারো হাজার ভোটারের রাজশাহী মহানগরীতে ভোটকেন্দ্র ছিল ১৩৮টি।








