রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প এলাকায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ হয়েছে। এলাকাবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্পবাসী নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি করে আসছিলেন। শনিবার সকালে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেয়।
পুলিশ জানায়, রাজধানীর মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে ৩১ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ডিপিডিসি’র একটি দল সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তাদের ওপর হামলা করেন ক্যাম্পের স্থানীয় অধিবাসীরা।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে বিহারিরা পুলিশের ওপরও হামলা চালান। এক পর্যায়ে বিহারিরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।
সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ ও র্যাব বিহারিদের ওপর রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
জানা যায়, গত এক মাসের বেশি সময় ধরে জেনেভা ক্যাম্পে প্রতিদিন কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ বিভ্রাট হয়। লোডশেডিং বন্ধের দাবিতে শুক্রবারও সড়কে অবস্থান নিয়েছিলেন স্থানীয়রা। শনিবার দুপুর ১২টায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন ক্যাম্পের অধিবাসীরা।
উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক জুনায়েদ জুয়েল জানান, বেশ কিছুদিন ধরে জেনেভা ক্যাম্পে নিয়মিত বিদ্যুৎ প্রদান করা হচ্ছে না। দিনের বেলা তো বিদ্যুৎ থাকেই না রাতের বেলায়ও বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না।
স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমান বলেন, এই বিহারি ক্যাম্পে মাসে কোটি টাকার ওপরে বিদ্যুৎ বিল আসে। বর্তমানে প্রায় ৩১ কোটি টাকা বিল বকেয়া আছে। এ বিদ্যুৎ বিল আগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় পরিশোধ করত। সম্প্রতি ক্যাম্পের উর্দুভাষী এই অবাঙালিরা ভোটাধিকার লাভ করায় এবং বিনামূল্যে বিদ্যুতের রিট খারিজ হওয়ায় মন্ত্রণালয় আর বিল পরিশোধ করবে না বলে জানিয়েছে। এখন থেকে বিহারিদেরই বিল পরিশোধ করতে হবে।
তেজগাঁও ডিভিশনের (ডিসি) আনিসুর রহমান চ্যানেল আই অনলাইনকে জানান, মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের ৩১ কোটি টাকা বিদ্যুৎবিল বকেয়া থাকায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) লোকজন জেনেভা ক্যাম্পে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করতে যান। এ সময় তাদের ওপর হামলা চালান বিহারিরা।
এক পর্যায়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা করেন তারা। বিহারিরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন ও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্যসহ অনেকেই আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয় বলে জানান তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, ঢামেক হাসপাতালে জেনেভা ক্যাম্পের সংঘর্ষের ঘটনায় রকি (২২) নামে এক যুবক আহত হয়ে চিকিৎসাধীন। তিনি জেনেভা ক্যাম্পের বাসিন্দা। তার চোখে শটগানের গুলি লেগেছে।








