রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ গৃহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
এ ঘটনায় আটক করা হয়েছে গৃহকর্তা এজাজ সাকলাইন ও তার স্ত্রী তানজিমা হাসেমকে।
জানা যায়, কখনো গরম খুন্তির ছ্যাকা অথবা গরম পানি ঢেলে দিতেন গায়ে। এভাবেই মধ্যযুগীয় কায়দায় গৃহকর্মীকে কথা না শোনার শাস্তি দিতেন বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা এজাজ সাকলাইন ও তার স্ত্রী তানজিমা হাসেম। গত তিন দিন বাথরুমে আটকে রাখা হয় লিজা নামের ওই গৃহকর্মীকে। শনিবার বিকেলে প্রতিবেশীর মাধ্যমে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ।
উদ্ধারের পর মুখমণ্ডলসহ সারা শরীরে পোড়া ও ঝলসানো চিহ্ন নিয়ে অসুস্থ লিজাকে শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করে পুলিশ।
এ ঘটনায় গৃহকর্তা এজাজ সাকলাইন ও গৃহকর্ত্রী তানজিমা হাসেমকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অপরাধ স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ।
নির্যাতনের শিকার লিজার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায়। দুই মাস আগে এক নারীর মাধ্যমে সাড়ে তিন হাজার টাকা চুক্তিতে ওই বাসায় কাজ পায় লিজা।







