বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবেই সবার কাছে পরিচিত ল্যান্ড রোভার। তবে এবার বাজারে আসছে ল্যান্ড রোভার ব্র্যান্ডের মডিউলার স্মার্টফোন। চলতি মাসে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস থেকে স্মার্টফোনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
‘ল্যান্ড রোভার এক্সপ্লোর’ নামের এই ফোনটি তৈরি করবে বুলিট নামের অপর একটি প্রতিষ্ঠান। বর্তমানে বাজারে থাকা ক্যাটারপিলার ব্র্যান্ডের রাগেড স্মার্টফোনও তৈরি করে থাকে বুলিট।
স্মার্টফোনটিতে বাড়তি ফিচারের জন্য আলাদা মডিউল ব্যবহার করা যাবে যা এর অন্যতম ফিচার হিসেবে ধরা হচ্ছে। যেমন এর পেছনের ম্যাগনেটিক অংশে চাইলে আলাদা ব্যাটারি মডিউল, অগমেন্টেড রিয়েলিটি ভিউফাইন্ডার কিংবা জিপিএস মডিউল যুক্ত করে নেওয়া যাবে। তবে এর বাইরে অন্য কোনো ফিচার এভাবে যুক্ত করা যাবে কিনা সে ব্যাপারে এখনও জানা যায়নি।
স্মার্টফোনটির ফিচার সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে এর ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে ধারণা করা হচ্ছে ফটোগ্রাফির জন্য এতে বিশেষ কোনো ফিচার থাকতে পারে।
মূলত হাইকিং কিংবা ক্যাম্পিং করতে পছন্দ করেন, এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এই ফোনটি বাজারে আনা হচ্ছে। ফোনটির বিল্ড কোয়ালিটিও তেমনই হবে।
ল্যান্ড রোভার ব্র্যান্ডের ফোন এটিই প্রথম নয়। এর আগেও এ ব্র্যান্ডের একাধিক স্মার্টফোন বাজারে এসেছিল।







