আর মাত্র ১১দিন। এরপরেই বাজবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের সানাই। আর তার জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে।
গত শুক্রবার (২ নভেম্বর) নন্দী পূজার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের প্রাক বিবাহের উদযাপন শুরু করেন এই লাস্যময়ী অভিনেত্রী। বেঙ্গালুরের নিজ বাড়িতে পূজাতে সব্যসাচীর ডিজাইন করা কমলা রঙের স্যুট পড়ে নিজেকে সাজিয়েছিলেন দীপিকা। তার কানে ছিল কানবালা। এ অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ভক্তদের মাঝে বিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন তিনি।
একটি ছবিতে দেখা গেছে, পূজার সময় মাথা নিচু করে বসে আছেন দীপিকা। এবং তার ক্যাপশনে লেখা হয়েছে, ‘নতুন যাত্রা শুরু।’
গত ২১ অক্টোবর দুই তারকার পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসে। ইংরেজি ও হিন্দিভাষায় দেওয়া বিবৃতিটি দীপিকা তার ইনস্ট্রগ্রাম অ্যাকাউন্টেও পোস্ট করেন।
এতে বলা হয়, ‘পরিবারের আশীর্বাদ নিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের বিয়ের আয়োজন সম্পন্ন হবে আসছে ১৪ ও ১৫ নভেম্বর। বিগত বছরগুলোতে আপনারা আমাদের যেভাবে ভালোবেসে এসেছেন সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, একইসঙ্গে আমাদের ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার এই শুভযাত্রায় আপনাদের আশীর্বাদ চাইছি।’
দীর্ঘ ছয় বছর প্রেমের পর আগামী ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর কাছে একটি ভিলাতে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। বিয়ের অতিথি তালিকা পরিবার ও কাছের বন্ধু পর্যন্তই সীমাবদ্ধ রাখছেন এই তারকা। এছাড়াও আগামী ১ ডিসেম্বর বেঙ্গালুরে অনুষ্ঠিত হবে জনপ্রিয় এই তারকা জুটির বিবাহোত্তর সংবর্ধনা।








